
বিএনপি ঢাকাসহ সারাদেশে শোডাউন দেখিয়ে কী বলতে চাইলো?
বাংলাদেশের ঢাকায় ‘সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত বিএনপির সমাবেশ ও র্যালিতে ‘ব্যাপক লোকসমাগমের’ পর দলটির নেতারা বলছেন ওই শোডাউন থেকে দ্রুত নির্বাচনের দাবিই জোরালোভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সরকারকে সহযোগিতার কথাও বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বলেছেন কোনো অজুহাত দেখিয়ে নির্বাচন ঝুলানো যাবে না এবং দ্রুত তারিখ ঘোষণা করতে হবে- এটি দলের মহাসচিবসহ অন্য নেতারা অনেকটা সরাসরিই বলেছেন, যার উদ্দেশ্য হলো ‘নির্বাচনের জন্য ক্রমশ চাপ বাড়ানো’।
অন্যদিকে তারেক রহমান দলের কৌশল হিসেবেই গণতন্ত্রে উত্তরণের জন্য সরকারকে সহযোগিতার কথা বলেছেন, যার লক্ষ্য হলো সরকারকে নির্বাচন ও এর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়তা করা।
প্রসঙ্গত, সরকার ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য কিছু কমিশন গঠনের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে এবং সেই কমিটি এখন কাজ করছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ইতোমধ্যেই বলেছেন যে নির্বাচনের কাজ শুরু হয়ে গিয়েছে।


0 Comments